সিলেট বিভাগে হামের প্রকোপে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৫৬৪ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৭ জন সন্দেহভাজন হামে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হামের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৫৬৪ জন সন্দেহভাজন হামের রোগীর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২০০ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৮ জন ভর্তি রয়েছেন। এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১৫ জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জন চিকিৎসাধীন।
সিলেট বিভাগের অন্যান্য হাসপাতালের মধ্যে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৭ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৭ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঁচজন রোগী ভর্তি রয়েছেন। পাশাপাশি বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হওয়া ১৫৭ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, নর্থ ইস্ট হাসপাতালে চারজন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে চারজন রয়েছেন।
এ ছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, কোম্পানীগঞ্জে দুজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন রোগী নতুন করে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৪৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৭৬, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের জেলা-ভিত্তিক হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে সিলেটে ৬৩, হবিগঞ্জে ১৯, মৌলভীবাজারে ১৪ এবং সুনামগঞ্জে ৬২ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে আক্রান্ত হয়ে চার জেলায় মৃত্যু হয়েছে যথাক্রমে চার, চার, এক ও এক জনের।
সব মিলিয়ে সিলেট বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত রোগীদের মধ্যে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জনে।
সিলেটভিউ২৪ডটকম/ শাদি-আচৌ
আইটি ল্যাব সলিউশন্স লি.