ছবি: ফাইল ছবি।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দেশের বিভাগীয়, জেলা ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচন আয়োজনের নির্দেশনা দিয়েছে। গত ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) এনএসসির নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক স্মারকে এ নির্দেশ দেয়া হয়।
জানা গেছে, আগামী অক্টোবরের মধ্যে নির্বাচনী তফশিল ঘোষণা এবং নভেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় ক্রীড়া সংস্থাগুলোর গঠনতন্ত্র অনুযায়ী গঠিত অ্যাডহক কমিটিগুলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে বলা হয়েছে।
স্মারকে আরও বলা হয়েছে, স্থানীয় ক্রীড়া সংস্থা নির্ধারিত গঠনতন্ত্রের আলোকে জাতীয় ক্রীড়া পরিষদ ক্ষমতাবলে বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এডহক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা।
এদিকে ইতিমধ্যে বেশ কয়েকটি জেলা ক্রীড়া সংস্থা নির্বাচনের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। এমতাবস্থায় স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রে নির্ধারিত পদ্ধতি অনুসরণের নির্বাচন সম্পন্নের লক্ষ্যে অক্টোবর মাসের মধ্যে তফশিল ঘোষণা এবং নভেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে প্রতিবেদন প্রেরণের জন্য অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর সিলেট জেলা ক্রীড়া সংস্থা পরিচালনার জন্য ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে এনএসসি। সিলেটের জেলা প্রশাসককে আহ্বায়ক ও জেলা দলের সাবেক খেলোয়াড় রেজাউল করিম নাচনকে সদস্য সচিব করে এই কমিটি অনুমোদন করা হয়। এরপর গত ১০ সেপ্টেম্বর সিলেট বিভাগীয় কমিশনারকে সভাপতি এবং স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুকে সদস্য সচিব করে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দেয়।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.