বাঘা সীমান্ত থেকে পাটবোঝাই নৌকাসহ আটক করে নিয়ে যাওয়া পাঁচ বাংলাদেশিকে ১১ দিন পর ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদের কাছে তাদের হস্তান্তর করা হয়। রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ বিজিবি ক্যাম্পে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
পরিবারের সদস্যদের দাবি, গত ৭ সেপ্টেম্বর রাতে পাট কিনে নৌকায় করে ফেরার সময় নদীর স্রোতে পথ ভুল করে তারা ভারতীয় সীমান্তে ঢুকে পড়েন। পরে বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন- রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে কলেজছাত্র মোশাররফ হোসেন (২৬), ইয়ানজের ছেলে সাহাবুল আলী (৪০), শাহাজাহান প্রামাণিকের ছেলে বাবর আলী (৪০), সামাদ মণ্ডলের ছেলে নৌকার মাঝি সাইফুল ইসলাম (৪৬) এবং জামাল মণ্ডলের ছেলে নৌকার মাঝি আশাদুল ইসলাম (৩৮)। তাদের মধ্যে তিনজন পাট ব্যবসায়ী এবং দুজন নৌকার মাঝি-মাল্লা।
আটকের পর পাঁচজনকে ফেরত পেতে পরিবারের সদস্যরা স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদের শরণাপন্ন হন।
এমপি আবু সাইদ চাঁদ জানান, ঘটনাটি জানার পর তিনি রাজশাহীতে নিযুক্ত সহকারী হাইকমিশনার মনোজ কুমারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পাঁচজনকে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন।
শুক্রবার বিকেলে বাঘা সীমান্ত দিয়ে বিএসএফ তাদের হস্তান্তর করে। পরে মীরগঞ্জ বিজিবি ক্যাম্পে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১১
আইটি ল্যাব সলিউশন্স লি.