সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় খালেদ আহমদ (২৬) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি জকিগঞ্জ পৌর এলাকার বসনপুর গ্রামের খসরুজ্জামানের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
শুক্রবার সন্ধ্যার পর উপজেলার মাসুম বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খালেদ আহমদ সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি। তাকে শনিবার আদালতে পাঠানো হবে।
এর আগে ১৪ সেপ্টেম্বর রাতে জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি দায়ের করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করে আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ হাসিব
আইটি ল্যাব সলিউশন্স লি.