মহানগরের চারমাথা গোদারপাড়া এলাকায় ময়লার ভাগাড় থেকে জাল টাকার বস্তা কুড়িয়ে পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পড়ে থাকা এসব টাকা আসল ভেবে কুড়িয়ে নিয়ে যান স্থানীয়রা। পরে সেগুলো জাল বুঝতে পেরে অনেকেই আবার ফেলে দেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন গোদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পড়ে থাকা জাল টাকাগুলো সংগ্রহ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে গোদারপাড়া এলাকায় বর্জ্যের ভাগাড়ে একটি বস্তা পড়ে থাকতে দেখে উৎসুক জনতা ভিড় জমায়। বস্তার ভেতরে ৫০০ ও ১ হাজার টাকার নোট দেখতে পেয়ে অনেকেই সেগুলো আসল টাকা মনে করে বাড়িতে নিয়ে যান। তবে পরে ভালো করে খেয়াল করলে দেখা যায়, টাকার গায়ে ছোট করে ‘অনলি ফর শুটিং’ লেখা রয়েছে। টাকাগুলো জাল বুঝতে পেরে অনেকেই তা আবার ফেলে দেন।
স্থানীয়দের দাবি, ময়লার ভাগাড়ে দুই বস্তা টাকা ছিল। অনেকেই বান্ডিলে বান্ডিলে টাকা নিয়ে গেছেন।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত হিসেবে এক হাজার টাকার জাল নোটের একটি বান্ডিল জব্দ করা হয়েছে। এ টাকার পেছনে ছোট করে ‘অনলি ফর শুটিং’ লেখা আছে।
তিনি আরও বলেন, জাল টাকার উৎস কী এবং কারা এগুলো ভাগাড়ে ফেলে গেছে, তা শনাক্তে পুলিশের তদন্ত চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৬
আইটি ল্যাব সলিউশন্স লি.