প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০০ (মঙ্গলবার)
পুলিশের দু*র্নী*তির অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিককে গু*লি করে হ*ত্যা

পুলিশের দুর্নীতি ও অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশকারী এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে।
 

শনিবার (১৯ সেপ্টেম্বর) পেরু দেশটির কারাস শহরের একটি বাজারে এ ঘটনা ঘটে।
 

নিহত সাংবাদিক সুসি আপন্তে (৪৪) আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিতব্য আঞ্চলিক নির্বাচনে আনকাস জেলার প্রার্থী ছিলেন। পাশাপাশি তিনি অনলাইন সংবাদমাধ্যম ‘চিনা পোলো দোমিনিকাল’র পরিচালক ছিলেন। ওই সংবাদমাধ্যমে তিনি পুলিশের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করতেন।
 

স্থানীয় পুলিশ জানিয়েছে, বাজারে হাঁটার সময় সুসি আপন্তেকে গুলি করা হয়। হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় ভেনেজুয়েলার এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হত্যাকাণ্ডের কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সুসি আপন্তে জানিয়েছিলেন, কারাগারের ভেতর থেকে তিনি হুমকি পাচ্ছিলেন।
 

সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী পেরুর প্রেস কাউন্সিল এ হত্যাকাণ্ডের তদন্ত দাবি করেছে। সংগঠনটি বলেছে, দেশটিতে সাংবাদিক হত্যার মতো এ ধরনের ঘটনা প্রায়ই অমীমাংসিত থেকে যায়।

স্থানীয় পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর পেরুতে চার সাংবাদিক নিহত হয়েছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৫