মৌলভীবাজারে গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।
রবিবার দিবাগত রাতে কুলাউড়া ও মৌলভীবাজার সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ওসমানীনগর উপজেলার ইব্রাহীমপুর এলাকার মো. নজরুল ইসলাম খান (৪১) এবং কুলাউড়া উপজেলার মনরাজ এলাকার মুমিন মিয়া ওরফে মনা (১৯)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে কুলাউড়ার মনরাজ এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে মুমিন মিয়াকে ৫৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ সময় তার সঙ্গে থাকা কাউছার মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ঘটনাস্থল থেকে কাউছার মিয়ার ফেলে যাওয়া একটি প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেট থেকে আরও ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
অন্যদিকে, একই রাতে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে মো. নজরুল ইসলাম খানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে। এছাড়া পলাতক কাউছার মিয়াকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৭/এসডি-২৪
আইটি ল্যাব সলিউশন্স লি.