প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪৩ (বুধবার)
বি*ষ*পানে প্রাণ গেল ইউপি সদস্য লিটনের

বিষপানে নাছির তালুকদার লিটন নামের এক ইউপি সদস্য আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের বানাই গ্রামে এ ঘটনা ঘটে।
 

নাছির তালুকদার লিটন (৫০) চেঁচরীরামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি ওই এলাকার মৃত মোশাররফ তালুকদারের ছেলে।

ইউপি সদস্যের ভাই সোহাগ তালুকদার বলেন, সকালে বাজার থেকে বাড়িতে ফেরার পর আমার ভাই সামনের কক্ষে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার স্ত্রী রান্নাঘরে ছিলেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাশের উপজেলা ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

তিনি আরও বলেন, কী কারণে ভাই বিষপান করেছেন, আমরা বলতে পারছি না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
 

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইব্রাহিম মোল্যা বলেন, ইউপি সদস্যকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তিনি বিষপান করেছেন।

কাঁঠালিয়া থানার ওসি নাছের রায়হান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৫