ছবি: সংগৃহিত।
মানিকগঞ্জের হরিরামপুর থানা থেকে বদলি হওয়া ওসি মুহাম্মদ আফজাল হোসেন ব্যতিক্রম এক বিদায় অনুষ্ঠানের সম্মুখীন হলেন। বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে তিনি বিদায় নেন এই থানা থেকে।
নতুন কর্মস্থলের রওয়ানা হওয়ার আগে সহকর্মীদের পাশাপাশি স্থানীয়দের ভালোবাসায়ও সিক্ত হয়েছেন ওসি আফজাল। তাকে বিদায় জানাতে বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকেই থানার সামনে ভিড় করেন স্থানীয়রা। কেউ তার জন্য নিয়ে এসেছিল বাড়ির গাছের লাউ, কেউ মৌসুমি ফল, আবার কেউ হাঁস-মুরগি।
অনুষ্ঠানে স্থানীয়রা বিদায়ী ওসিকে ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে তার সঙ্গে ছবি তোলেন অনেকে। কেউ কুশল বিনিময় করেন, আবার কেউ দায়িত্ব পালনকালের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। এ সময় অনেকেই আবেগ ধরে রাখতে পারেননি।
এ সময় উপস্থিত ছিলেন এম এ রাজ্জাক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওসমান আলী, পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জালাল উদ্দিন।
এদিকে স্থানীয়দের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন আফজাল হোসেনও। তিনি বলেন, 'হরিরামপুরবাসীর এমন আয়োজনে আমি আবেগী হয়ে গেছি। চাকরি করলে বদলি হবেই। হরিরামপুরে দায়িত্ব পালনের সময় স্থানীয় মানুষের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। বিদায়বেলায় হরিরামপুরবাসী যেভাবে সম্মান ও ভালোবাসা জানিয়েছেন, আমি কখনো ভুলবো না। এখানকার মানুষের সঙ্গে তৈরি হওয়া সম্পর্ক ও স্মৃতি সারাজীবন মনে থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন।'
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৮
আইটি ল্যাব সলিউশন্স লি.