আকর্ষণীয় বেতনে চাকরির প্রলোভনে পড়ে সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে সাতজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে দুই নারী ও পাঁচ যুবক রয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরি বড়ইতলা এলাকায় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন,বাগেরহাটের মো. সাইফুল (২১), খুলনার মো. রাব্বি শিকদার (১৭), কাজিগঞ্জের মো. কাউছার (১৬), বাগেরহাটের মো. ওমর ফারুক (১৮), মোড়লগঞ্জের মো. পারভেজ হাসান (২১), নড়াইলের শম্পা (২৪) এবং ঢাকার মুন্নি (১৬)।
পুলিশ জানায়, এক দালালের মাধ্যমে মোটা অঙ্কের বেতনে চাকরির আশ্বাসে এই ৭ জন জাফলং এলাকায় আসেন। দালাল চক্রের প্রতিশ্রুতি ছিল, ভারতে দুই নারী গৃহকর্মী হিসেবে মাসে ৫০ হাজার টাকা এবং পাঁচ যুবক বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে ৩৫ হাজার টাকা করে আয় করবেন।
স্থানীয় সূত্র জানায়, মিজান নামের এক ব্যক্তি তাদের সীমান্তসংলগ্ন আব্দুল মান্নানের বাড়িতে নিয়ে যান। সেখানে অবস্থানের পর গোপনে ভারতে ঢোকার প্রস্তুতি নিচ্ছিলেন তারা।
পরে গোপন সংবাদ পেয়ে তামাবিল পুলিশ ফাঁড়ির সদস্যরা ওই বাড়িতে অভিযান চালায় এবং তাদেরকে আটক করে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক সিলেটভিউ২৪ডটকমকে জানান, এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং মানবপাচার ও প্রতারণায় জড়িত দালালদের সনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.