ছবি: সিলেট ভিউ।
নারী হকির উন্নয়নে দেশব্যাপী প্রতিভা অন্বেষণের মহাপরিকল্পনার অংশ হিসেবে সিলেটে সফলভাবে সম্পন্ন হল নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে সম্পন্ন হয় এই অনুষ্ঠান।
ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬-এর মাধ্যমে অংশগ্রহণকারী কিশোরী খেলোয়াড়দের হকি সম্পর্কে মৌলিক জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। হকিতে নতুন খেলোয়াড় তৈরি এবং তৃণমূল পর্যায়ে খেলাটির বিস্তারে এই ডেভেলপমেন্ট প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক। আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের সিলেট রিজিয়নাল ম্যানেজার রেজাউর রহমান, বাংলাদেশ হকি ফেডারেশনের নারী উইংয়ের সম্পাদক তারিখুজ্জামান নান্নু, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু, সদস্য মোস্তফা কামাল পাশা মওদুদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন ও সদস্য মকসুদ আহমদসহ স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী বলেন, 'হকিতে সিলেটের মেয়েদের এমন অংশগ্রহণকে সাধুবাদ জানাই। সব ক্রীড়া ক্ষেত্রে মেয়েরা এভাবে এগিয়ে যাবে বিশ্বাস করি আমি। এই কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশের হকি অনেক দূর এগিয়ে যাবে। নতুন নতুন খেলোয়াড়রা তৈরী হবে।'
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক বলেন, 'ধন্যবাদ জানাতে চাই আসলে এই ছোট ছোট বাচ্চাদের, যারা বিগত এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করছে। হয়তো অনেকেই এক মাস আগে প্রথম হকি স্টিক হাতে নিয়েছে। তারপর আজকে আপনাদের খেলা দেখলাম। দেখে আমরা সত্যিই স্বপ্ন দেখতে শুরু করেছি। ভালো কিছু হবে ইনশাআল্লাহ।'
সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৮
আইটি ল্যাব সলিউশন্স লি.