প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০০ (শুক্রবার)
ইতালি যাওয়ার পথে লিবিয়ায় নিখোঁজ সাইদুল, পরিবারের ৩৯ লাখ টাকার ঋণ

অবৈধভাবে দালালের মাধ্যমে ইতালি যেতে চেয়েছিলেন এক যুবক। তবে লিবিয়া থেকে তিনি নিখোঁজ বলে অভিযোগ করেছে তার পরিবার।


নিখোঁজ সাইদুল বেপারী (৩৫)। তিনি মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর দত্তের হাট এলাকার মৃত জহিরুল বেপারীর ছেলে।


পরিবারের অভিযোগ, সাইদুলকে শ্রীলঙ্কা ও দুবাই হয়ে লিবিয়ায় নেওয়ার পর একটি মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয়। সেখানে একটি বন্দিশালায় আটকে রাখে মাফিয়া চক্র। করা হয় নির্যাতন। মাইদুলকে আরও নির্যাতন করা হবে- এমন ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্টসহ বিভিন্ন মাধ্যমে পরিবারের কাছ থেকে মোট ৩৯ লাখ টাকা নেওয়া হয়। দুই মাস ধরে সাইদুলের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই। পরিবার জানে না, সাইদুল আদৌ বেঁচে আছেন কিনা!

গত ১১ সেপ্টেম্বর (শুক্রবার) নিখোঁজ সাইদুলের ভাই সামাদ হোসেন বেপারী বাদী হয়ে মাদারীপুর আদালতে একটি মামলা করেন। মামলায় আনোয়ার ফরাজী আনু, তার স্ত্রী শিল্পী আক্তার, বাদল জমাদ্দার, সাহেব আলী জমাদ্দার, মামুন বেপারী, ইভা বেগম ও ছলে বেগমকে আসামি করা হয়েছে।


মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সাইদুল নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবার আদালতে মামলা করেছে বলে জানতে পেরেছি। আদালতের নির্দেশনা থানায় পৌঁছালে বিষয়টি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হবে। জড়িতদের আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।'




সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক