প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৫৯ (শুক্রবার)
ছাত্রলীগ নেতা সোহেল গ্রে প্তা র

ছবি: সংগৃহিত

৯ বছর আগে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পোমরা গোচরাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

গ্রেপ্তার মো. সোহেল হোসেন (৩০) রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের ঘাটচেক এলাকার মো. হারুনের ছেলে।

 

পুলিশের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে পাহাড়তলী চুয়েট বিট পুলিশ চেকপোস্টে একটি মোটরসাইকেলের গতি রোধ করার চেষ্টা করা হয়। এ সময় চালক সিগনাল অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিকভাবে ধাওয়া করে। পরবর্তীতে পোমরা গোচরাবাজার এলাকা থেকে মোটরসাইকেলটিসহ তাকে আটক করা হয়।

 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ২০১৭ সালের ১৭ জুন রাঙ্গুনিয়ায় বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় তিনি জড়িত ছিলেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, ‘গ্রেপ্তার সোহেল হোসেনের বিরুদ্ধে একাধিক সুনির্দিষ্ট মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো মামলায় পরোয়ানা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/-০৬