সিলেটের কানাইঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ আবু বক্কর (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে কানাইঘাট পৌরসভার রায়গড় এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের পশ্চিম পাশে চতুলগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবু বক্কর কানাইঘাট উপজেলার নিজ চাউরা উত্তর গ্রামের মইন উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই মো. সোহাগ চৌধুরী, এসআই কবির হোসেনসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় আবু বক্করের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
কানাইঘাট থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/মাহবুবুর/এসডি-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.