একাদশ শ্রেণির ভর্তি ফরমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান ও মুজিব শতবর্ষের লোগো ব্যবহারের অভিযোগে দুই কর্মচারীকে শোকজ করেছে চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রতিষ্ঠানপ্রধানকে না জানিয়ে এসব ব্যবহার করে ভর্তি কার্যক্রম পরিচালনার অভিযোগে তাদের কাছে সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরে তাদের শো-কজ করা হয়।
শো-কজ পাওয়া দুজন হলেন, প্রতিষ্ঠানের ল্যাব সহকারী (রসায়ন) মো. ফাহিম মিয়া ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মচারী মো. সাকিবুল ইসলাম।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষের স্বাক্ষর করা নোটিশে বলা হয়, গত ২১ সেপ্টেম্বর প্রতিষ্ঠানপ্রধানকে না জানিয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি করাতে বিগত সরকারের লোগো ও স্লোগান-সংবলিত ভর্তি ফরম ব্যবহার করা হয়েছে। নোটিশে এ ধরনের কর্মকাণ্ডকে ‘আইনের পরিপন্থী’ হিসেবে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট দুই কর্মচারীর বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে হবে।
এ বিষয়ে চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আমাকে না জানিয়ে ভর্তি ফরমে ওই লোগো ও স্লোগান ব্যবহার করা হয়েছে। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট দুজন শিক্ষক ও দুজন ল্যাব সহকারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের লিখিত জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজটি ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নে অবস্থিত। প্রতিষ্ঠানটির একাদশ শ্রেণির ভর্তি ফরমের ওপরের অংশে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান-সংবলিত একটি লোগো এবং মুজিব শতবর্ষের লোগো ব্যবহারের অভিযোগ ওঠে।
গত ২১ সেপ্টেম্বর ওই ফরমে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হলে বিষয়টি শিক্ষার্থী ও স্থানীয়দের নজরে আসে। পরে ফরমের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা ও অসন্তোষ তৈরি হয়।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.