প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:২০ (শুক্রবার)
৩০ সেকেন্ডের রিল ধ্বং*স করে দিতে পারে আপনার প্রেম!

বর্তমান সময়ে ফিটনেস থেকে শুরু করে প্রাত্যহিক জীবনের নানা বিষয়ে সোশ্যাল মিডিয়ার পরামর্শ নেওয়ার প্রবণতা বাড়ছে। এর বাইরে নয় সম্পর্ক বিষয়ক কনটেন্টগুলোও। ইনস্টাগ্রামে রিল বা রিলেশনশিপ ট্রেন্ড দেখে অনেকেই নিজেদের সঙ্গীকে মাপতে শুরু করেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার সব কনটেন্টকে ধ্রুব সত্য ধরে নিয়ে সঙ্গীকে বিচার করলে সম্পর্কে বড় ধরনের ফাটল ধরতে পারে। তাই রিল আর বাস্তব জীবনের তফাৎটা বোঝা জরুরি।
 

কাউন্সেলর ও ফ্যামিলি থেরাপিস্ট অর্চনা সিংঘালের মতে, সোশ্যাল মিডিয়ার সবকিছুকে নেতিবাচকভাবে দেখার কিছু নেই। কারণ, এই মাধ্যমের জন্যই এখন মানুষ বাউন্ডারি সেট করা, মানসিক নির্যাতন কিংবা অশালীন আচরণ সম্পর্কে সচেতন হতে পেরেছে। তবে অনেক সময় অতি সাধারণ বিষয়গুলোকেও সেখানে জটিল করে দেখানো হয়, যা থেকে সতর্কতা অবলম্বন করা দরকার। এ ক্ষেত্রে দুটি বিষয় নিয়ে বিশেষ সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
 

প্রথমত, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিশেষ শব্দগুলোকে সাধারণ সম্পর্কের সঙ্গে গুলিয়ে ফেলা যাবে না। রেড ফ্ল্যাগ, টক্সিক কিংবা গ্যাসলাইটিংয়ের মতো শব্দগুলো অনলাইনে খুব দেখা যায়। কিন্তু বাস্তবে পরিস্থিতি ইন্টারনেটের মতো এত সরল হয় না। কেউ ভুল করলেই তাকে টক্সিক ভেবে বসা ঠিক নয়। বরং দেখতে হবে তিনি একই ভুল বারবার করছেন কি না, নিজের ভুল বুঝতে পেরে নিজেকে সংশোধন করছেন কি না কিংবা কী কারণে এমন আচরণ করেছেন। মাত্র ত্রিশ সেকেন্ডের একটি রিল দেখে কারো মানসিক অবস্থা বিচার করা উচিত নয়।

দ্বিতীয়ত, সম্পর্কে মতবিরোধ থাকাটুকুই স্বাভাবিক। এর অর্থ এই নয় যে সেই মানুষটি আপনার জন্য অনুপযুক্ত। বরং সম্পর্ক সচল রাখতে একে অপরের কথা শোনা, গুরুত্ব দেওয়া এবং যৌথভাবে সমস্যার সমাধান খোঁজা বেশি জরুরি। যখন দেখা যাবে বিষয়টি ম্যানিপুলেশনের দিকে গড়াচ্ছে কিংবা বারবার অসম্মান করা হচ্ছে, তখন সেই সম্পর্ক নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। শুধু সাধারণ মতবিরোধের জেরে হুট করে সম্পর্ক ভেঙে ফেলা কখনো ঠিক নয়।
 

বিশেষজ্ঞদের মতে, রিলের সাধারণীকৃত তথ্য সবসময় বাস্তবের জটিলতার সঙ্গে মেলে না। তাই সঙ্গীর কোনো একটি আচরণ দেখেই তাকে কাঠগড়ায় না দাঁড় করিয়ে বাস্তব পরিস্থিতি ও তার ধারাবাহিকতা বিবেচনা করতে হবে। বারবার অসম্মান বা মানসিকভাবে ক্ষতিকর আচরণ দেখা গেলেই কেবল বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৪