প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৫৮ (শনিবার)
‘বে অব বেঙ্গল কনভারসেশনে‘ মেট্রোপলিটন ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী

আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ অংশগ্রহণের সুযোগ পেয়েছেন দেশের অন্যতম শীর্ষ বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী। তারা হলেন জি এম সিফাত ইকবাল ও শহিদুর রহমান শাকিব।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে এই তথ্য জানানো হয়।

সিফাত ইকবাল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির ভাইস প্রেসিডেন্ট। অন্যদিকে শহিদুর রহমান শাকিব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির জয়েন্ট আইটি অ্যান্ড ক্রিয়েটিভ সেক্রেটারি ও এমইউ সিএসই সোসাইটির ডিজাইন সেক্রেটারি।

অত্যন্ত কঠোর ও সুশৃঙ্খল যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে সম্মেলনে অংশগ্রহণের জন্য বাছাই করেছেন আয়োজক কর্তৃপক্ষ।

জনসংযোগ শাখা জানায়, আগামী ৩ থেকে ৫ অক্টোবর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কৌশলগত সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে অনুষ্ঠিতব্য এ সম্মেলনের প্রতিপাদ্য ‘নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন অ্যা ওয়ার্ল্ড রিরিটেন’। পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থা, ভূরাজনীতি, প্রযুক্তি, অর্থনীতি, জলবায়ু, নিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসনসহ সমসাময়িক বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ সংলাপে আলোচনা হবে।

বে অব বেঙ্গল কনভারসেশন একটি আন্তর্জাতিক স্ট্রাটেজিক ডায়ালগ প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা, নীতিনির্ধারক, কূটনীতিক, ব্যবসায়ী, গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং তরুণ নেতৃত্ব একত্রিত হয়ে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করেন। সম্মেলনের আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনে বিশ্বের ১০০টিরও বেশি দেশ থেকে প্রায় ১ হাজার অংশগ্রহণকারী এবং প্রায় ২০০ বক্তার অংশগ্রহণ থাকছে।

সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া আন্তর্জাতিক পরিসরের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব এ আয়োজনে অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, অস্ট্রেলিয়ার বেকার অ্যান্ড ইয়র্ক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিন ওয়াটসন, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ, মালির সাবেক প্রধানমন্ত্রী মৌসা মারা এবং মালয়েশিয়ার সাবেক মন্ত্রী দাতুক জুরাইদা কামারুদ্দিনসহ বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও গবেষকরা।

আন্তর্জাতিক এ সম্মেলনে মেট্রোপলিটন ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীর অংশগ্রহণ তাদের বৈশ্বিক জ্ঞান, গবেষণা, প্রযুক্তি ও নেতৃত্বের অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করবে। একইসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, গবেষক, শিক্ষাবিদ, পেশাজীবী ও তরুণ নেতৃত্বের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ পাবেন তারা।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীর এ আন্তর্জাতিক অংশগ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. তৌফিক রহমান চৌধুরী এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী। এক অভিনন্দন বার্তায় তারা দুই শিক্ষার্থীর এ অর্জনকে বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দ ও গর্বের বিষয় হিসেবে উল্লেখ করে তাদের ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানান। তাঁরা আশা প্রকাশ করেন, তাদের এ অংশগ্রহণ মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে সম্পৃক্ততার নতুন সম্ভাবনাও তৈরি করবে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে