প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৩০ (শনিবার)
বিশ্বনাথে না ফেরার দেশে ইউপি মেম্বার পংকজ

সিলেটের বিশ্বনাথ হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার, পল্লী চিকিৎসক ও ব্যবসায়ী পংকজ বিহারী দাস (৫৬)।
 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে মৃত্যুবরণকারী ইউপি মেম্বার পংকজ বিহারী দাস একই ইউনিয়নের বাবুনগর গ্রামের বাসিন্দা ও একই ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মৃত বিনোদ বিহারী দাসের জ্যেষ্ঠ পুত্র এবং রাজাগঞ্জ বাজারের বিএম ফার্মেসীর স্বত্বাধিকারী। ব্যক্তিগত জীবনে তিনি তিন কন্যা সন্তানের জনক ছিলেন।
 

পারিবারিক সূত্র জানায়, ইউপি মেম্বার পংকজ বিহারী দাস বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।

শুক্রবার সকালে চিকিৎসকের কাছে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। চিকিৎসার জন্য দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনি মারা যান।
 

পংকজ বিহারী দাসের ছোট ভাই কানাডা প্রবাসী শংকর চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তার ভাই (পংকজ) শেষ নিঃশ্বাস ত্যাগ (মৃত্যুবরণ) করেন।

খাজাঞ্চী ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি ও দীর্ঘদিনের পল্লীচিকিৎসক হিসেবে পংকজ বিহারী দাস এলাকার মানুষের সেবা ও কল্যাণে নিবেদিত ছিলেন। তাঁর প্রয়াণে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্থানীয় ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-২৭