সিলেটর বিশিষ্ট ব্যবসায়ী, রয়্যাল লাইফ ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ তাজুল ইসলাম গ্লোবাল ভিশনারি বিজনেস লিডার অ্যাওয়ার্ড-২০২৬ এ ভূষিত হয়েছেন।
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘কাচ্চি ডাইন প্রেজেন্ট গ্রীনলিফ অ্যাওয়ার্ড ২০২৬’-এর ৮ম আসর।
এ অনুষ্ঠানে ব্যবসা, বিনোদন, সংস্কৃতি, সমাজসেবা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিত্ব, শিল্পী ও সফল ব্র্যান্ডকে সম্মাননা দেওয়া হয়। ব্যবসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাজুল ইসলামকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান মহিউদ্দিন আমিনের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ অধ্যাপক ড. রফিকুল ইসলাম, কাচ্চি ডাইনের চেয়ারম্যান শাহাবুদ্দিন তালুকদার, মিন্টু তালুকদার, রয়াল লাইফ ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান তাজুল ইসলাম, ড. আনোয়ার উজ্জামান, সততা জুয়েলার্সের চেয়ারম্যান আরিফ হোসাইন।
এবারের আয়োজনে বাংলা চলচ্চিত্রের দুই জনপ্রিয় ও কিংবদন্তি অভিনেত্রী নূতন ও মুনমুনকে মর্যাদাপূর্ণ আজীবন সম্মাননা প্রদান করা হয়।
এ ছাড়া রত্নগর্ভ মা সম্মাননা পেয়েছেন চম্মা বেগম এবং সফল বাবা সম্মাননা পেয়েছেন শাহরুখ ফারদিন সুব্রত। সম্মাননা পেয়েছেন কিংবদন্তি অভিনেতা ওমর সানি, সংগীতশিল্পী রবী চৌধুরী, জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, অভিনেত্রী তানজিন তিশা, কেয়া পায়েল, চিত্রনায়ক নিরব হোসাইন, তৌসিফ মাহবুব, অভিনেত্রী ফারজানা ছবি, নৃত্যশিল্পী চাঁদনী, শিল্পী সোহাগ,অভিনেতা মুকিত জাকারিয়া, চিত্রনায়িকা দিঘী ও সংগীতশিল্পী সিথি সাহা।
এ ছাড়া ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের যুক্তরাজ্য ও মালয়েশিয়া কমিটিকে সেরা মানবিক সংগঠন সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও সম্মানিত হন স্ট্যান্ডআপ কমেডিয়ান শাওন মজুমদার, নৃত্য কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, ফ্যাশন কোরিওগ্রাফার আলমগীর হোসেন আলো, কোরিওগ্রাফার ইমরান আলীসহ দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, ব্লগার ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা প্রতিভাবান ব্যক্তিরা।
দেশের প্রতিভাবান, জ্ঞানী ও গুণী ব্যক্তিত্বদের কাজের স্বীকৃতি দেওয়া এবং সফল ব্র্যান্ডগুলোকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন ও গ্রীনলিফের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি বলেন, বাংলাদেশে এ ধরনের আয়োজন আরও হওয়া প্রয়োজন। বাছাই করে জ্ঞানী, গুণী ও প্রতিভাবান ব্যক্তিদের সম্মানিত করায় তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
গ্রীনলিফ ম্যাগাজিনের সম্পাদক ও গ্রীনলিফ অ্যাওয়ার্ডের আয়োজক তসলিম হাসান হৃদয় বলেন, ‘এটি আমাদের ৮ম সিজন। আমরা সব সময় ভালো ও ব্যতিক্রমী কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। গুণীদের কদর করা ছেড়ে দিলে আমরা গুণীদের হারিয়ে ফেলব। সমাজে তখন উগ্রবাদীদের পাখা মেলার সুযোগ তৈরি হবে।’
অনুষ্ঠানের সভাপতি মহিউদ্দিন আমিন বলেন, ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন মানবিক কাজের পাশাপাশি এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে। এর মাধ্যমে সমাজের নৈতিক অবক্ষয় রোধে ভূমিকা রাখার পাশাপাশি প্রতিভাবান শিল্পী ও গুণীজনদের সম্মাননা দেওয়া হবে।’
সিলেটভিউ২৪ডটকম/প্রেসবিজ্ঞপ্তি/০০
আইটি ল্যাব সলিউশন্স লি.