প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০৬ (রবিবার)
‘বানিয়াচং সাইক্লিং কমিউনিটি’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

“চলবে সাইকেল, গড়বে সুস্থ সমাজ” প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচংয়ে উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বানিয়াচং সাইক্লিং কমিউনিটির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বানিয়াচং উপজেলা সদরের মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী কেক কেটে এবং নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এ উপলক্ষে আনন্দ র‍্যালি, সাইক্লিংবিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রীড়া সংগঠক খাইরুল ঠাকুর ও নিশাদ সরদার-এর যৌথ সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী, আনন্দ র‍্যালি ও বিভিন্ন ইভেন্টের উদ্বোধন করেন বানিয়াচং আইডিয়েল কলেজের প্রভাষক জসিম উদ্দিন।

উদ্বোধনী বক্তব্যে প্রভাষক জসিম উদ্দিন বলেন, “বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচং শুধু তার ঐতিহ্য ও ইতিহাসের জন্যই নয়, ক্রীড়া ও ভ্রমণের ক্ষেত্রেও গৌরবের অধিকারী। এই বানিয়াচংয়েরই কৃতী সন্তান ছিলেন প্রখ্যাত সাইক্লিস্ট রামনাথ বিশ্বাস। তিনি বাইসাইকেলে বিশ্বভ্রমণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তাঁর ভ্রমণ নিয়ে অন্তত ৩০টি বই প্রকাশিত হয়েছে।”

তিনি আরও বলেন, “রামনাথ বিশ্বাস আমাদের জন্য অনুপ্রেরণার নাম। তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে সাইক্লিস্টদের শুধু শরীরচর্চার মধ্যে সীমাবদ্ধ না থেকে ভ্রমণ, প্রকৃতি, ইতিহাস ও সমাজ সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা লেখালেখির মাধ্যমে তুলে ধরতে হবে। এতে একদিকে যেমন সুস্থ জীবনযাপনের চর্চা বাড়বে, অন্যদিকে নতুন প্রজন্মের মধ্যে ভ্রমণ ও সাইক্লিংয়ের প্রতি আগ্রহ তৈরি হবে।”

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক। তিনি সাইক্লিংয়ের মাধ্যমে তরুণ প্রজন্মকে শারীরিকভাবে সক্রিয় রাখা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সিলেট ও হবিগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে সাইক্লিস্টরা অংশগ্রহণ করেন। সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার-শ্রীমঙ্গল-হবিগঞ্জ হয়ে বাইসাইকেল চালিয়ে বানিয়াচংয়ে এসে অনুষ্ঠানে যোগ দেন সাইক্লিস্ট মারুফ সারোয়ার ও মো. সাখাওয়াত।

এছাড়াও হবিগঞ্জ থেকে সাইক্লিস্ট জাহিদ, নাকিব ও সিয়ামসহ অন্যান্য সাইক্লিস্ট অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী পর্ব শেষে বাইসাইকেল নিয়ে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় ‘স্লো রিচ’ ও ‘হেলমেট পাস’ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ব্যতিক্রমধর্মী এসব প্রতিযোগিতা উপস্থিত দর্শকদের মধ্যেও ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করে।

পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী শেষে আয়োজন করা হয় বর্ণাঢ্য আনন্দ র‍্যালি। র‍্যালিতে বিভিন্ন বয়সী সাইক্লিস্টরা অংশ নিয়ে বানিয়াচংয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

আনন্দ র‍্যালিটি মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বড়বাজার, সাগরদিঘির পশ্চিম পাড়, গ্যানিংগঞ্জ বাজার, সাগরদিঘির পূর্ব পাড় হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র‍্যালির সময় সাইক্লিস্টদের অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

ইভেন্ট ও আনন্দ র‍্যালি পরিচালনা করেন সাইক্লিস্ট রাজু ও মতিউর রহমান। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে সাইক্লিস্টদের পাশাপাশি স্থানীয় ক্রীড়াপ্রেমী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে সাইক্লিংয়ের প্রসার, শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখাই বানিয়াচং সাইক্লিং কমিউনিটির অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সাইক্লিং ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাইক্লিস্ট রাজু আহমেদ।

 


সিলেটভিউ২৪ডটকম/জসিম/এসডি-১০