ছবি: সিলেট ভিউ ফাইল ছবি।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এক আনসার সদস্যকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পাখি তাড়াতে আনসার সদস্য মো. মোজাম্মেল হকের ছোড়া গুলিতে পরিচ্ছন্নতাকর্মী রুবেল মিয়া আহত হন। ঘটনার পর তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে ঘটনার পর সিলেট জেলা কমান্ড্যান্ট ও সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর ঘটনায় জড়িত আনসার সদস্যকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। বিধি মোতাবেক জড়িত ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চালু হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব জানান, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দায়িত্ব পালনের সময় নিরাপত্তাবিধি ও সতর্কতামূলক ব্যবস্থা যথাযথভাবে অনুসরণের বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে নিশ্চিত করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-১৪
আইটি ল্যাব সলিউশন্স লি.