পূর্ববিরোধের জেরে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের সময় বাড়িঘর ভাঙচুরের অভিযোগও উঠেছে।
ঘটনার সূত্রপাত শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তার ও বকুল গ্রুপের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
পরে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে আবারও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষের লোকজন। এবার দেশীয় অস্ত্র হাতে দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়াও হয়। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় এলাকা।
জানা যায়, শনিবার স্থানীয় বাজারে আক্তার গ্রুপের এনাম ও বকুল গ্রুপের রুবেলের মধ্যে কথাকাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত। পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এ সময় ঘর-বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগও উঠেছে।
এর জেরে রোববার সকাল ৭টা থেকে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সকাল ১০টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজয়নগর থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়ন করা হয় অতিরিক্ত পুলিশ। এ সময় স্থানীয় ও উপজেলা বিএনপির নেতাকর্মীরাও ঘটনাস্থলে এসে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ জানান, পূর্ববিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৯
আইটি ল্যাব সলিউশন্স লি.