গাছের ডালপালা কর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (২৮ সেপ্টেম্বর) নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে নাটোরের বড়াইগ্রামের কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা এবং রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আড়াই থেকে ৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
রবিবার (২৭ সেপ্টেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানায়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১ নম্বর ফিডারের আওতাধীন লাইনের পাশে থাকা গাছের ডালপালা কর্তন কাজ করা হবে। এ কারণে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় বড়াইগ্রাম উপজেলার কালিকাপুরের আংশিক এলাকা, কালিরগুন, চরনটাবাড়িয়া, মহিষভাঙ্গা মোল্লাপাড়া, নটাবাড়িয়া, জোয়ারী, কালিকাপুর কারিগরি কলেজপাড়া, খৌদ্দকাচুটিয়া, বৃহৎ কাচুটিয়া ও আশপাশের গ্রামগুলোতে বিদ্যুৎ থাকবে না।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এদিকে, রাজশাহীর বিভিন্ন এলাকাতেও সোমবার পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকোর রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের (বিবিবি) নির্বাহী প্রকৌশলীর দপ্তর জানিয়েছে, ৩৩ কেভি কাটাখালী-বিমানবন্দর বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি বাইপাস ফিডারের আওতাধীন ওমরপুর, কুচপাড়া, মাস্টারপাড়া ও নামোপাড়া এলাকায় সোমবার সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া সার্ভে কলেজ থেকে খড়খড়ি পর্যন্ত এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। অর্থাৎ রাজশাহীর এসব এলাকায় পর্যায়ক্রমে আড়াই থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে গাছের শাখা-প্রশাখা কর্তনের এ কাজ করা হচ্ছে বলে জানিয়েছে নেসকো। সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৮
আইটি ল্যাব সলিউশন্স লি.