প্রতীকী ছবি।
‘হোটেল ট্যুরিস্ট আবাসিক’-এ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে ফেনী মডেল থানা-পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ফেনী পৌর এলাকার বড় মসজিদ রোডের ওই আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ মহসিন, মেহেদী হাসান, মো. রাসেল ও জসিম উদ্দিন। তাদের সবার বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়।
পুলিশ জানায়, ‘হোটেল ট্যুরিস্ট আবাসিক’-এর ছয়তলার একটি কক্ষের বাথরুমে চুলা ও গ্যাস সিলিন্ডার বসিয়ে চিনি জ্বাল দিয়ে ভেজাল মধু তৈরির কাজ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ভেজাল মধু তৈরির সরঞ্জাম ও বিভিন্ন আলামতসহ চারজনকে আটক করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে চক্রের মূল হোতা মোহাম্মদ মহসিন জানান, বাজারে প্রতি কেজি ভালো মানের খাঁটি মধুর দাম ১ হাজার ২০০ টাকার ওপরে। সাধারণ ক্রেতাদের কম দামে মধু কেনার আগ্রহকে পুঁজি করেই তারা এ প্রতারণা চালিয়ে আসছিলেন। প্রতিদিন দুই কেজি আসল মধুর সঙ্গে ১০ কেজি চিনির মিশ্রণে তৈরি করা হতো ১২ কেজি ভেজাল মধু। এতে তাদের খরচ হতো প্রায় সাড়ে তিন হাজার টাকা, যা বাজারে খাঁটি মধুর নামে বিক্রি হতো প্রায় ছয় হাজার টাকায়।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চিনি মিশিয়ে ভেজাল মধু তৈরির বিষয়টি স্বীকার করেছেন। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.