বাড়ির পাশের পুকুরে খেলতে গিয়ে আর ঘরে ফেরা হলো না দুই শিশুর। পরিবারের অগোচরে পুকুরের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে আলী জিবান (৮) ও রাহমা (৯) নামে দুই শিশুর।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিবান ওই গ্রামের মৃত আবু মিয়ার ছেলে এবং রাহমা লোকমান মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশু খেলতে বের হয়। খেলতে গিয়ে কোনো একসময় বাড়ির পুকুরের পানিতে পড়ে যায় তারা। দুপুরের দিকে শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের নিথর দেহ ভাসতে দেখেন স্বজনরা। পরে দ্রুত উদ্ধার করে দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-১৩
আইটি ল্যাব সলিউশন্স লি.