প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫৭ (মঙ্গলবার)
পর্যটনে সেরা জাপান, দ্রুত এগোচ্ছে আলবেনিয়া

বিশ্বের পর্যটন ও ভ্রমণের জন্য সেরা ১০ দেশের তালিকা প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)। ২০২৬ সালের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইনডেক্সে শীর্ষ ১০ দেশের ছয়টিই ইউরোপের।
 

তালিকায় প্রথম স্থান পেয়েছে জাপান। দ্বিতীয় যুক্তরাষ্ট্র। এরপর রয়েছে স্পেন, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, চীন, সুইজারল্যান্ড ও ইতালি।

পর্যটন খাতের উন্নয়নে একটি দেশের পরিবহনব্যবস্থা, নিরাপত্তা, মূল্য প্রতিযোগিতা, ভিসা ব্যবস্থা, হোটেলের খরচ, গণপরিবহনের দক্ষতা এবং ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সংখ্যাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে এই সূচক তৈরি করা হয়েছে।
 

এছাড়া কোনো দেশে পর্যটন কতটা বিস্তৃতভাবে ছড়িয়ে আছে, সেটিও মূল্যায়নের অংশ ছিল। ডব্লিউইএফ জানিয়েছে, মহামারির পর পর্যটন খাতের জন্য সহায়ক পরিবেশ এখন সবচেয়ে শক্তিশালী অবস্থায় রয়েছে। ২০২৪ সালের তুলনায় ৯২ শতাংশ দেশের অবস্থার উন্নতি হয়েছে।
 

ডব্লিউইএফের অভিজ্ঞতা অর্থনীতি ও নগরবিষয়ক প্রধান রম্য কৃষ্ণস্বামী বলেন, পর্যটনে এখন শুধু বেশি পর্যটক আকর্ষণ করাই লক্ষ্য নয়। মানুষ, অবকাঠামো এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বে বিনিয়োগের মাধ্যমে পর্যটন থেকে স্থানীয় জনগোষ্ঠী, ব্যবসা ও গন্তব্যগুলোর দীর্ঘমেয়াদি সুবিধা নিশ্চিত করা জরুরি।
 

জাপান কেন এগিয়ে
তালিকায় শীর্ষে থাকা জাপান বড় পর্যটনকেন্দ্রগুলোর বাইরে ভ্রমণকে উৎসাহিত করেছে। এর ফলে পর্যটকদের নির্দিষ্ট কয়েকটি শহর বা এলাকায় কেন্দ্রীভূত হওয়ার ঝুঁকি কমেছে। একই সঙ্গে দেশটি রেকর্ডসংখ্যক পর্যটকও আকর্ষণ করছে।
 

দ্রুত উন্নতি করেছে আলবেনিয়া
সূচকে সবচেয়ে দ্রুত উন্নতি করা দেশ হিসেবে উঠে এসেছে আলবেনিয়া। গত দুই বছরে দেশটির স্কোর ৭ শতাংশ বেড়েছে।

ডব্লিউইএফের মতে, প্রতিবেশী দেশগুলোর তুলনায় কম খরচে ভ্রমণের সুযোগ দেওয়ার পাশাপাশি আকর্ষণীয় পর্যটন অভিজ্ঞতা দিতে পারায় আলবেনিয়া উপকৃত হয়েছে। দেশটির বিমান পরিবহন অবকাঠামো ও পর্যটনসেবার উন্নতিও স্কোর বাড়াতে ভূমিকা রেখেছে।
 

দ্রুত উন্নতি করা ১০ দেশ হলো- আলবেনিয়া, ভিয়েতনাম, লাওস, কাতার, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মরক্কো, নেপাল ও শ্রীলঙ্কা।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৬