ছবি: সিলেট ভিউ।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জ সদর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বানিয়াচং উপজেলার কাঠখালি গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫) ও একই গ্রামের মৃত সুফি মিয়ার দুই ছেলে কুদ্দুস মিয়া (৫৮) ও আফতাব মিয়া (৫০)।
এসআরবি জানায়, গত ১৩ সেপ্টেম্বর সকালে কাঠখালি গ্রামে ভুক্তভোগী রজব আলীর মেয়েকে মাদ্রাসায় যাওয়ার পথে কুপ্রস্তাব দেয় একদল বখাটে। এ ঘটনায় রজব আলী প্রতিবাদ করলে অভিযুক্তদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। পরবর্তীতে আসামিরা তাকে স্থানীয় আবু ইউসুফের বাড়ির সামনের পাকা রাস্তায় ঘেরাও করে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর ও গুরুতর জখম করে।
স্থানিয়রা রক্তাক্ত অবস্থায় রজব আলীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ সেপ্টেম্বর রাতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় নিহতের ভাই গত ২৩ সেপ্টেম্বর বাদী হয়ে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করলে এসআরবি ছায়া তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে হবিগঞ্জ সদর এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।
এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ৩ জনকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৫/আশিক-১৬
আইটি ল্যাব সলিউশন্স লি.