প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৫৯ (বৃহস্পতিবার)
নর্থাম্পটনশায়ার বিএনপিতে নতুন নেতৃত্ব

দীর্ঘদিনের বিরতির পর যুক্তরাজ্যের নর্থাম্পটনশায়ারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির পাঁচ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্বকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে সাংগঠনিক তৎপরতা। দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় জানিয়েছেন নবনির্বাচিত নেতারা।

নতুন কমিটিতে সভাপতি আহাদুর রহমান সুহেল, সিনিয়র সহসভাপতি হেকিম আলি মনসুর, সাধারণ সম্পাদক ইব্রাহিম আলি, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম এবং সাংগঠনিক সম্পাদক সফি উদ্দিন দায়িত্ব পেয়েছেন।

নতুন কমিটি ঘোষণার পর সোমবার রাতে নর্থাম্পটন এনবি সেন্টারে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। নবনির্বাচিত সভাপতি আহাদুর রহমান সুহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম আলীর পরিচালনায় সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় নতুন নেতৃত্বের সাংগঠনিক পরিকল্পনা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। নেতারা বলেন, নর্থাম্পটনশায়ারে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় বক্তব্য দেন নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি হেকিম আলি মনসুর, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক সফি উদ্দিন, সাবেক সভাপতি হাজী হারুন আলী, সাবেক সহসভাপতি সফিক আলী, শাহ মোস্তাক আহমদ, আব্দুস সালাম এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তৈয়বুর রহমান হুমায়ুনসহ অন্যরা।

বক্তারা নতুন কমিটির মাধ্যমে নর্থাম্পটনশায়ারে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। দীর্ঘদিন পর নতুন নেতৃত্ব আসায় নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নর্থাম্পটন বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সলিসিটর জাবির মিয়া জেপি এবং ডেপুটি মেয়র কাউন্সিলর এনামুল হক।

নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে নর্থাম্পটনশায়ারে বিএনপির সাংগঠনিক কার্যক্রম নতুন করে গতি পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন উপস্থিত নেতাকর্মীরা
 


সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-৯