ছবি: সংগৃহিত
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের ওপর হামলা চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিক নেতাকে ছিনিয়ে নিয়েছেন তার স্বজনরা। তাদের হামলায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আবু ছিদ্দিক কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য।
পুলিশ জানায়, আবু ছিদ্দিককে গ্রেপ্তারের জন্য রাতে চণ্ডীপুর এলাকায় অভিযান চালায় দর্শনা থানা পুলিশের একটি দল। এ সময় তাকে গ্রেপ্তার করে হাতকড়া পরানো হয়। পরে পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন। একপর্যায়ে পুলিশের হাতকড়া নিয়েই পালিয়ে যান আবু ছিদ্দিক।
দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে গ্রেপ্তার করতে গেলে পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তাকে নিয়ে নিয়ে যায়। আহত হন দুই পুলিশ সদস্য। আবু ছিদ্দিককে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মুখলেসুর রহমান বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৯
আইটি ল্যাব সলিউশন্স লি.