প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৬ ২১:০০ (শুক্রবার)
আবাসিক হোটেল থেকে নারীর লা শ উদ্ধার, লাপাত্তা ভুয়া স্বামী

ছবি: ফাইল ছবি।

আবাসিক হোটেলের ওয়াশরুম থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কক্সবাজারের বাসটার্মিনাল এলাকার স্ট্যান্ড পার্ক রিসোর্টের তৃতীয় তলার ওয়াশরুম থেকে মরদেহ উদ্ধার করা হয়।


নিহত নারীর নাম কুলছুমা আকতার (২৫)। তিনি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার চান্দেরঘোনা এলাকার আলম মিয়ার মেয়ে। 


পুলিশ জানায়, নিহত কুলছুমা পারিবারিক কলহের কারণে স্বামী হারুনের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন। বিচারাধীন ওই মামলার শুনানির দিন ছিল বুধবার (৩০ সেপ্টেম্বর)। ওই মামলার হাজিরা দিতে তিনি ঈদগাঁও থেকে কক্সবাজার এসে ওই হোটেলে ওঠেন। এ সময় তার সঙ্গে একটি শিশুও ছিল। 


হোটেল কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে এক যুবকের সঙ্গে কুলছুমা ও তার সঙ্গে থাকা একটি শিশু নিয়ে হোটেলে ওঠেন। তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেন। বুধবার সকাল থেকে তারা বাইরে ছিলেন। এরপর বিকাল ৩টার দিকে তারা ফিরে আসেন। পরে রাতে হোটেলটির শৌচাগারে কুলছুমার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। স্বামী পরিচয়ে যে ব্যক্তি কুলছুমার সঙ্গে ছিলেন, তিনি কৌশলে হোটেল থেকে পালিয়ে গেছেন। খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।


এদিকে নিহতের পরিবারের দাবি, কুলছুমার সঙ্গে থাকা ওই যুবক তার স্বামী হারুন নন। এমনকি পরিবারের সদস্যরাও তাকে চেনেন না।


কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নিহত কুলছুমার সঙ্গে কক্ষে থাকা ব্যক্তি তার স্বামী হারুন নন। হোটেল কক্ষে থাকা ব্যক্তির ঠিকানার সঙ্গে নিহত কুলছুমার পরিবারের সদস্যদের চেনাজানা নেই। হত্যার রহস্য উদঘাটন ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় শনাক্তের কাজ চলছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৫