প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৬ ২২:০০ (শুক্রবার)
সিলেটের যে উপজেলায় বাঁশের সাঁকোতেই পারাপার ১৫ গ্রামবাসীর!

ছবি: সিলেট ভিউ।

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নে একটি বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার হচ্ছেন স্থানীয় ১০/১৫টি গ্রামের বাসিন্দারা। সাধারণ নাগরিকদের পাশাপাশি বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার অসংখ্য শিক্ষার্থীরা প্রতিদিন এ সাঁকো পাড়ি দিয়ে তাদের গন্তব্যে যেতে হচ্ছে।


শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজারে যাতায়াত এবং পরস্পর যোগাযোগের একমাত্র সড়কে স্বাধীনতার দীর্ঘ প্রায় ৫৫ বছরেও পাকা সেতু নির্মাণের 'স্বপ্নপূরণ' হয়নি এলাকাবাসীর। এ সড়ক দিয়ে অন্তত ১০/১৫টি স্থানীয় গ্রামের লোকজন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে থাকেন। ইউনিয়নের ‘জান মোহাম্মদ’র খালের উপর ওই বাঁশের সাঁকো এসব গ্রামের লোকজনের স্বাভাবিক চলাচলের ক্ষেত্রে বড় ধরণের বাধা হয়ে দাঁড়িয়েছে। হাজার হাজার মানুষের দুর্ভোগ লাঘবে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালিকের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।


সরেজমিন পরিদর্শন এবং এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, উপজেলার বশিরপুর - জামালপুর - দেওয়ানবাজার সড়কের বনগাঁও এবং জামালপুর এ দুই গ্রামের মধ্যবর্তী ‘জান মোহাম্মদ’র খালের উপর প্রায় ৫৫ বছর যাবত এ রকম বাঁশের সাঁকোতে পারাপার হচ্ছেন স্থানীয় এলাকাবাসী।


প্রায় ১১০ ফুট দীর্ঘ এ সাঁকো দিয়ে জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজপুর উচ্চ বিদ্যালয়, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ, বনগাঁও মহিলা মাদরাসার অসংখ্য শিক্ষার্থী এবং ওপারের স্থানীয় বনগাঁও, রটারগাঁও, দৌলতপুর, জগন্নাথপুর, বশিরপুর, তালতলা গ্রামসমূহের লোকজন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদসহ পার্শ্ববর্তী খালেরমুখ বাজার ও আজিজপুর বাজারসহ বিভিন্নস্থানে এদিক ওদিক যাতায়াত করেন। একইভাবে স্থানীয় বনগাঁও জামালপুর মুমিনপুর শাহী ঈদগাহে যাতায়াতের ক্ষেত্রেও এসব গ্রামের লোকজনকে এ সাঁকো পারাপার হতে হয়। এছাড়াও আশপাশ এলাকার আজিজপুর, মুমিনপুর, রঘুপুর, শিকরখাল, নিয়ামতপুর, হায়দরপুর, আনোয়ারপুর প্রভৃতি গ্রামের লোকজন এ সাঁকো দিয়ে পারাপার হয়ে থাকেন। এলাকাবাসী জানিয়েছেন, কমপক্ষে প্রায় ৫৫ বছর যাবত ওখানে বাঁশের ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে যাতায়াত চলছে। এখানে পাকা সেতু না থাকায় দেওয়ান বাজার ইউনিয়নের কমপক্ষে ৬টি গ্রামের লোকজনকে পার্শ্ববর্তী দু’টি ইউনিয়নের সড়ক দিয়ে যাতায়াত করতে হয়।


এ ব্যাপারে আলাপকালে জামালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান বলেন, গ্রামবাসীরা পরস্পর মিলেমিশে চাঁদা তুলে বাঁশের সাঁকো নির্মাণ করে যাতায়াত করে আসছেন। জামালপুর গ্রামের শাহিন আহমেদ, মারুফ আহমেদ, বনগাঁও গ্রামের আফাজ উদ্দিন, বিলাল উদ্দিন, দৌলতপুর গ্রামের মো. খসরুজ্জামান প্রমুখ এলাকাবাসী বশিরপুর - জামালপুর - দেওয়ানবাজার সড়কের ‘জান মোহাম্মদ’র খালের উপর পাকা সেতু নির্মাণের ব্যাপারে জোর দাবি জানিয়েছেন। এলাকাবাসী জানান, কয়েক বছর পর পর নতুন করে বাঁশের সাঁকো নির্মাণ করতে হাজার হাজার টাকা খরচ হয়। গত কয়েকদিন আগে আলাপকালে এলাকাবাসী জানান, স্থানীয় উদ্যোগে এবারও নতুন সাঁকো নির্মাণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এলাকাবাসী পাকা সেতু নির্মাণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালিকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।




সিলেটভিউ২৪ডটকম/জিল্লুররহমান/আশিক-১০