সুনামগঞ্জের একটি মানবপাচার মামলার আসামীকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন আখালিয়া সোনালী আবাসিক এলাকার নিজ বাসা থেকে সৈয়দ বদরুল আলম (৬০) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
বদরুল আলম ওই এলাকার সোনালী ৬২/১ নম্বর বাসার বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, সুনামগঞ্জ পৌরশহরের উকিলপাড়ার নূর মিয়ার বড় ছেলে এলমান মিয়াকে ১৫ লাখ টাকা চুক্তিতে গ্রিস পাঠান বদরুল আলম। পরবর্তীতে বদরুল আলমের মাধ্যমে ছোট ছেলে সায়মান মিয়াকে স্পেন পাঠাতে আগ্রহ প্রকাশ করেন নূর মিয়া।
বদরুল মিয়ার দাবি অনুযায়ী সায়মানকে স্পেন পাঠাতে তিন কিস্তিতে ১৯ লাখ টাকা দেন তিনি। কিন্তু টাকা নেওয়ার পর সায়মানকে বিদেশ না পাঠিয়ে প্রতারণার আশ্রয় নেন বদরুল।
মামলায় উল্লেখ করা হয়, পরবর্তীতে সালিশ বৈঠকে বদরুল টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে স্পেনের পরিবর্তে সায়মানকে মাল্টায় পাঠানোর প্রস্তাব দেন। কিন্তু তাতে নূর মিয়া রাজি না হয়ে টাকা ফেরত চাইলে বদরুল ভয়ভীতি দেখিয়ে বৈঠক থেকে চলে যান। এ ঘটনায় তিনি গত ৯ সেপ্টেম্বর মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল সুনামগঞ্জে সৈয়দ বদরুল আলমকে বিবাদী করে মামলা দায়ের করেন।
ওই মামলায় পুলিশ বদরুল আলমকে গ্রেফতার করে।
সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ
আইটি ল্যাব সলিউশন্স লি.