সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে ৩ হাজার ৬০০ কেজি ভারতীয় জিরা ও দুটি ডিআই পিকআপসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জব্দ করা জিরা ও পিকআপের আনুমানিক বাজারমূল্য ৬৬ লাখ টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোয়াইনঘাট উপজেলার নয়াখেল গ্রামের আব্দুল গফুরের ছেলে আল আমিন (২৫) ও রাধানগর গ্রামের কামাল উদ্দীনের ছেলে ইমন আহমদ (২২)।
সিলেট জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর রাত ১২টা ১০ মিনিটে গোয়াইনঘাট থানার কামাইদ এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় ১২০ বস্তা ভারতীয় জিরা ও দুটি ডিআই পিকআপসহ দুজনকে আটক করা হয়।
পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার করা ১২০ বস্তা জিরার ওজন ৩ হাজার ৬০০ কেজি। এসব জিরার আনুমানিক বাজারমূল্য ৩৬ লাখ টাকা। এ ছাড়া জব্দ করা দুটি পিকআপের মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মোট মূল্য ৬৬ লাখ টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেটভিউ২৪ডটকম/ শাদি-আচৌ
আইটি ল্যাব সলিউশন্স লি.