প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬ ১২:৪৮ (রবিবার)
সিলেটে ঠাঁই মিলছে না হাসপাতালে, ভর্তি ৬৬১ রোগী

সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী ভর্তির চাপ অব্যাহত রয়েছে। প্রতিদিন নতুন রোগী ভর্তি হওয়ায় হাসপাতালগুলোতে বাড়ছে চাপ। 

 


বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৬৬১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৭২ জন ভর্তি রয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। রোগীর চাপ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে শয্যা সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ৩ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১৫৮ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

 


এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৪ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে আটজন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন ভর্তি হয়েছেন।

 

বর্তমানে সিলেট বিভাগের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ৬৬১ জনের মধ্যে সিলেট জেলায় রয়েছেন ৫৩৯ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭২ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট হাসপাতালে চারজন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন এবং উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন চিকিৎসাধীন। 

 

এ ছাড়া কোম্পানীগঞ্জ, বিশ্বনাথ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগী ভর্তি রয়েছেন।

 

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৫ জন। মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৬ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন রোগী ভর্তি রয়েছেন।

 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১। এর মধ্যে সিলেটে ৪০৮ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন। তবে ৩ অক্টোবর নতুন করে কোনো নিশ্চিত হামের রোগী শনাক্ত হননি।

 

এদিকে হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণ মিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত ১৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামের রোগী হিসেবে ১৭২ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে ১০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য বিভাগ। জেলাভিত্তিক হিসাবে সিলেটে মোট ৭৩ জন, সুনামগঞ্জে ৬৬ জন, হবিগঞ্জে ২৮ জন এবং মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে।

 

নতুন করে মৃত্যুর কোনো তথ্য না থাকলেও হাসপাতালে রোগী ভর্তির চাপ পরিস্থিতির ওপর বাড়তি উদ্বেগ তৈরি করছে। বিশেষ করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৩৭২ জন রোগীর চিকিৎসাধীন থাকার বিষয়টি হাসপাতালটির ওপর বড় চাপের ইঙ্গিত দিচ্ছে।


সিলেটভিউ২৪ডটকম/ শাদি-আচৌ