প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬ ১৩:০৭ (রবিবার)
সিলেটে পর্দা উঠল জাতীয় ক্রিকেট লিগের

ছবি: সিলেট ভিউ।

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসর শুরু হয়েছে। সিলেটে শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে আসরের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী।

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে সিলেট বিভাগীয় দল ও ময়মনসিংহ বিভাগীয় দল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি পরিচালক, সিসিকি প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, 'এনসিএলে সিলেট অতীতেও চ্যাম্পিয়ন হয়েছে, আগামীতেও চ্যাম্পিয়ন হবে। সে লক্ষ্যেই সিলেট বিভাগীয় দলকে প্রস্তুত করা হয়েছে।' দলের খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ভালো ফলাফল অর্জনের চেষ্টা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

 

অনুষ্ঠানে বিসিবির পরিচালক রেদোয়ান আহমদ, বিসিবির কাউন্সিলর আশরাফ আরমান, বিসিবির কাউন্সিলর ইমতিয়াজ হোসেন তান্না, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় ক্রিকেট দলের অধিনায়কসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম/আশিক-০২