প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬ ১৪:০০ (রবিবার)
সিলেটে যে রোগে বাড়ছে আতঙ্ক, আক্রান্ত ছাড়াল সাড়ে চারশ

ছবি: ফাইল ছবি।

সিলেটে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন একাধিক রোগী।

 

তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪১ জন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের ৩ অক্টোবরের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৪ জনসহ এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৫২ জন। নতুন আক্রান্তদের মধ্যে ৪ জন ভর্তি হয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩ জন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ২ জন ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

 

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৮ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৫ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ২ জন এবং নর্থ ইস্ট মেডিকেল হাসপাতাল, বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন করে রোগী ভর্তি আছেন।

 

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত সিলেট জেলায় ৯৭ জন, সুনামগঞ্জে ১০৩ জন, হবিগঞ্জে ১৯৩ জন এবং মৌলভীবাজারে ৪৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এছাড়া অন্যান্য জেলা থেকে আসা আরও ১৩ জন রোগী সিলেটে চিকিৎসা নিয়েছেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৩