প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে মাতৃভাষা ও শিকড়ের সাথে যুক্ত রাখার প্রত্যয়।
যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে ছড়িয়ে দিতে বাংলা স্কুল তৃতীয় শাখা উদ্বোধন করেছে বাংলাদেশ সোসাইটি, ইনক।
গত ২ অক্টোবর জামাইকা, নিউইয়র্ক ১১৪৩২-এ অবস্থিত অস্থায়ী কার্যালয়ে এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম।
এছাড়া অনুষ্ঠানে কার্যকরী পরিষদের কর্মকর্তাবৃন্দ, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ, আজীবন ও সাধারণ সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং শতাধিক অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, "বাংলাদেশ সোসাইটির দুটি শাখা - ব্রুকলিন এবং সোসাইটির নিজস্ব কার্যালয়ে - গত ১২ থেকে ১৫ বছর ধরে সফলভাবে বাংলা স্কুল পরিচালিত হচ্ছে। আজ আমাদের জন্য বিশেষ মুহূর্ত, আমরা জামাইকায় তৃতীয় শাখা উদ্বোধন করতে যাচ্ছি।" তিনি স্কুলের ডাইরেক্টর সৈয়দ উল্লাহসহ ম্যানেজিং বডি ও শিক্ষকদের ধন্যবাদ জানান।
সভাপতি আতাউর রহমান সেলিম তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, "এটা আমাদের নির্বাচনী ওয়াদা ছিল। আমরা প্রত্যেকটি এলাকায় এক একটি করে বাংলা স্কুল প্রতিষ্ঠা করবো। ব্রঙ্কসের প্রক্রিয়া চলছে, আগামীতে ওজন পার্কেও করবো। আপনারা আমাদের সহযোগিতা করবেন। বাচ্চাদের নিয়ে আসা এবং উৎসাহিত করার দায়িত্ব আপনাদেরও।"
স্কুল ও শিক্ষা সম্পাদক হাসান জিলানী তার বক্তব্যে বলেন, "আজ আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের দিন। প্রবাসের মাটিতে আমাদের সন্তানদের বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে তোলা আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমরা চাই নতুন প্রজন্ম আমেরিকায় বেড়ে উঠলেও তারা যেন মাতৃভাষা ও শিকড়কে ভুলে না যায়। বাংলা স্কুল শুধু ভাষা শেখার প্রতিষ্ঠান নয়, এটি আমাদের পরিচয় ও শিকড়ের সাথে সেতুবন্ধন।"
অনুষ্ঠানে ব্রুকলিন শাখার শিক্ষিকা ফারজিন রাখি কবির বলেন, "আমি তিন সন্তানের মা। আমার তিন সন্তানই বাংলাদেশ সোসাইটির বাংলা স্কুলের ছাত্র ছিল। আমার বড় সন্তান ব্যাচেলর মাস্টার্স শেষ করে ওয়াশিংটন ডিসিতে ফেডারেল জব করছে, দ্বিতীয় সন্তান নাসায় জব করছে এবং ছোট সন্তান কাব্য এবার কর্নেল ইউনিভার্সিটিতে আইন বিভাগে পড়তে গেছে।" তিনি জামাইকা স্কুলের সাফল্য কামনা করেন।
জামাইকা শাখার দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা রুমানা আফরোজ বলেন, "ইনশাআল্লাহ আমি বাচ্চাদের সাথে থাকবো। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করছি।"
কার্যকরী পরিষদের সদস্য আবুল কাশেম চৌধুরীসহ সাবেক নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের নির্বাচনে যে এজেন্ডা দেওয়া হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল বাংলা স্কুল। সেই এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবেই এই তৃতীয় শাখা। তারা জানান, বর্তমান কমিটির মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত এবং এই মেয়াদের মধ্যেই আরও দুটি স্কুল উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্তে শিশুরা হাতে বাংলা বর্ণমালার কার্ড - অ, আ, ক, খ, বাংলা স্কুল লেখা প্ল্যাকার্ড নিয়ে মঞ্চের সামনে জড়ো হয়। এসময় আমেরিকান পতাকা হাতে নিয়ে শিশুদের উল্লাস করতে দেখা যায়। উপস্থিত অভিভাবকরা মোবাইলে সেই দৃশ্য ধারণ করেন।
সবশেষে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, স্কুল ও শিক্ষা সম্পাদক হাসান জিলানী, ট্রাস্টি বোর্ড ও কার্যকরী পরিষদের সদস্য এবং শিক্ষকদের সাথে নিয়ে জামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
আয়োজকরা জানান, স্কুলটি সপ্তাহে দুইদিন পরিচালিত হবে এবং অভিভাবকদের প্রতি সন্তানদের নিয়মিত ড্রপ ও পিকআপ করার আহ্বান জানানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.