প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬ ১৫:৫৫ (রবিবার)
ইরানে সরকারবিরোধী বি*ক্ষো*ভে, অভিনেত্রীর কা রা দ ণ্ড

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানানো অভিনেত্রী এলনাজ শাকেরদুস্তের এক বছরের কারাদণ্ড বহাল রেখেছেন দেশটির একটি আপিল আদালত। বিক্ষোভ দমনে নিহতদের প্রতি সমর্থন জানানোর অভিযোগে তাকে এই সাজা দেওয়া হয়েছিল।
 

শনিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের একটি আপিল আদালত অভিনেত্রীর সাজা বহাল রাখার পাশাপাশি তার রাজনৈতিক, শৈল্পিক ও অনলাইন কার্যক্রমে দুই বছরের নিষেধাজ্ঞাও বহাল রেখেছেন। তার আইনজীবীর বরাতে এসব তথ্য জানা গেছে।
 

দুই দশকের অভিনয়জীবনে কয়েক ডজন চলচ্চিত্রে অভিনয় করেছেন শাকেরদুস্ত। গত ফেব্রুয়ারিতে তিনি বলেছিলেন, দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ দমনের সময় হাজারো মানুষ নিহত হওয়ার পর তিনি আর ইরানে অভিনয় করবেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে তিনি বলেন, প্রিয়জনদের হারিয়ে তিনি শোকাহত। এমন পরিস্থিতিতে কোনো উৎসব বা উদ্‌যাপনে অংশ নেওয়ার প্রশ্নই আসে না। রক্তে ভেজা এই মাটিতে তিনি আর কোনো চরিত্রে অভিনয় করবেন না বলেও জানান।
 

শাকেরদুস্ত বর্তমানে কোথায় আছেন, তা জানা যায়নি।

ইরানে জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভ দমনের ঘটনায় দেশটির কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় ও প্রাণহানির অভিযোগ ওঠে। ওই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানানোয় বেশ কয়েকজন শিল্পী ও সংস্কৃতিকর্মীও সরকারি ব্যবস্থার মুখোমুখি হয়েছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৪