প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬ ১৮:৩৯ (রবিবার)
আজকের বাংলাদেশের পরিবর্তনে মেধাবী তরুণদের এগিয়ে আসতে হবে: সিলেটে ডাকসু এজিএস

ইসলামী ছাত্রশিবির সিলেট সরকারি মদন মোহন কলেজ শাখার উদ্যোগে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
 

শনিবার (৩ সেপ্টেম্বর) নগরীর কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
 

কলেজ সেক্রেটারি আব্দুল আজিজ এমাদের সঞ্চালনায় এবং কলেজ সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিউদ্দিন খান।
 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আল মামুন রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু।
 

প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন খান বলেন, “আজকের এই বাংলাদেশের পরিবর্তনে মেধাবী তরুণদের এগিয়ে আসতে হবে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের পরিবর্তন ঘটবে মেধাবীদের মাধ্যমে। আমরা এই বিশ্বাস করি বলেই জুলাই আন্দোলনের রাস্তায় নেমেছিলাম এবং এই বিশ্বাস থেকেই সংগ্রাম চালিয়ে গিয়েছিলাম। আমরা বিশ্বাস করি, এই পরিবর্তনের সূচনা ঘটবে তরুণ নেতৃত্বের মধ্য দিয়ে।”

তিনি বলেন, “বাংলাদেশের পরিবর্তনের জন্য নৈতিক শিক্ষার প্রয়োজন। বাংলাদেশে মেধাবী মানুষের অভাব নেই; অভাব রয়েছে নৈতিকতাসম্পন্ন মানুষের। নৈতিকতাসম্পন্ন মানুষের অভাবের কারণেই রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা দুর্নীতি, অনিয়ম ও বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। নৈতিক শিক্ষার অভাবের কারণেই আমাদের মা-বোনেরা রাস্তাঘাটে নিরাপদ নন।”

তিনি আরও বলেন, “আমাদের সবাইকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে। ইসলামী ছাত্রশিবির চায়, শিক্ষার্থীরা জাগতিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে জাতীয় সম্পদ হিসেবে গড়ে উঠুক। আমরা চাই, নৈতিকতাসম্পন্ন তরুণ প্রজন্মের হাতে আগামীর বাংলাদেশের নেতৃত্ব তুলে দিতে। এমন তরুণদের হাতেই নেতৃত্ব তুলে দিতে চাই, যারা দেশ ও জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে।”
 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষাজীবনে সাফল্য অর্জনের পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এছাড়াও অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬