প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬ ২১:০৮ (রবিবার)
প্লে স্টোরে ‘সিলটি কি-বোর্ড ২.০’, যুক্ত হয়েছে নতুন ফিচার

সিলেটি ভাষায় মোবাইল ফোনে লেখালেখি ও ভাষা শেখার সুযোগ আরও সহজ করতে প্লে স্টোরে প্রকাশিত হয়েছে Syloti Keyboard 2.0। নতুন সংস্করণে সিলেটি ফনেটিক, বাংলা ফনেটিক, আরবি কিবোর্ড লেআউটসহ সিলেটি নাগরি শেখা ও অনুশীলনের জন্য বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করা হয়েছে।

সিলেটি ভাষার ডিজিটাল ব্যবহারের ক্ষেত্রে এর আগেও কাজ করেছেন সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী সাব্বির আহমদ ও নুরুল ইসলাম। তাদের উদ্যোগে ২০১৭ সালে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে সিলেটি নাগরি লেখার জন্য প্রথম সংস্করণের কি-বোর্ড তৈরি ও প্রকাশ করা হয়।

দীর্ঘ সময় পর নতুন প্রযুক্তি ও ব্যবহারকারীদের প্রয়োজনের কথা বিবেচনা করে এবার কি-বোর্ডটির দ্বিতীয় সংস্করণ তৈরি করা হয়েছে। Syloti Keyboard 2.0-তে সিলেটি ভাষা লেখার পাশাপাশি বাংলা ও আরবি লেখার জন্য আলাদা কিবোর্ড সুবিধা রাখা হয়েছে। বাংলা লেখার ক্ষেত্রে পরিচিত ফনেটিক পদ্ধতিও যুক্ত করা হয়েছে।

নতুন সংস্করণের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন হলো Syloti Phonetic। এর মাধ্যমে ইংরেজি অক্ষরে সিলেটি উচ্চারণ লিখে সিলেটি লিপিতে লেখার সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি নতুন ব্যবহারকারীদের জন্য সিলেটি নাগরি অক্ষর শেখা ও অনুশীলনের ব্যবস্থাও রাখা হয়েছে। শেখার পাশাপাশি বিভিন্ন গেমের মাধ্যমে অক্ষর ও ভাষার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ রয়েছে।

নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সংস্করণে আগের তুলনায় ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও সহজ ও স্মুথ করার দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতে সিলেটি ভাষা শেখা, লেখা ও ডিজিটাল ব্যবহারের জন্য আরও বিভিন্ন ফিচার যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

সাব্বির আহমদ ও নুরুল ইসলামের ২০১৭ সালের উদ্যোগের পর সাব্বির আহমদ ২০২৪ সালে Syloti.bd ওয়েব অ্যাপ্লিকেশনেও সিলেটি ভাষা নিয়ে কাজ করেন। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালে Syloti Keyboard 2.0 সংস্করণটি তৈরি করা হয়েছে।

ভাষাবিষয়ক বিভিন্ন উৎস অনুযায়ী, বিশ্বজুড়ে সিলেটি ভাষায় প্রায় ১০–১১ মিলিয়ন মানুষ কথা বলেন। সিলেটি একটি পূর্বাঞ্চলীয় ইন্দো-আর্য ভাষা হিসেবে ভাষাবৈজ্ঞানিকভাবে শ্রেণিবদ্ধ। সিলেটি ভাষার নিজস্ব সিলেটি নাগরি লিপিও রয়েছে, যার ইউনিকোড কোড নির্ধারিত হয়েছে এবং বর্তমানে ডিজিটাল মাধ্যমে এই লিপি ব্যবহারের সুযোগ রয়েছে।

সিলেটি ভাষা ও সংস্কৃতিকে ডিজিটাল প্রজন্মের কাছে আরও সহজলভ্য করে তোলা এবং নতুন প্রজন্মকে সিলেটি নাগরি শেখার সুযোগ তৈরি করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Syloti Keyboard 2.0 বর্তমানে Google Play Store-এ পাওয়া যাচ্ছে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে