প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৬ ১৬:০৬ (মঙ্গলবার)
ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে গু লি বি দ্ধ ২

ছবি: প্রতিকী ছবি।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে কক্সবাজারের টেকনাফে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। 

 

রবিবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সাবরাং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 


 
আহতরা হলেন- সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া এলাকার মাওলানা আব্দুল গফুরের ছেলে হেলাল উদ্দিন ও একই এলাকার সাব্বির আহমদের ছেলে মোহাম্মদ হারুন।

স্থানীয়রা জানান, আগামী ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদে তার ছেলে প্রার্থী হতে পারেন, এমন আলোচনা চলছিল। এ নিয়ে বর্তমান ইউপি সদস্য শামশুল আলম ও তার সমর্থকদের সঙ্গে বিরোধ তৈরি হয়। এরপর রবিবার (৪ অক্টোবর) দুপুরে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে হারুন ও হেলালের পথরোধ করেন ইউপি সদস্য শামশুল আলমের সমর্থকরা। এ সময় তাদের মধ্যে তর্কাতর্কি হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। এর কিছুক্ষণ পর সাবরাং বাজারের একটি দোকানে বসে কথা বলছিলেন হারুন ও হেলাল। সেখানে শামশুল আলমের লোকজন গিয়ে তাদের ওপর হামলা চালায় এবং কয়েকটি গুলি ছোড়েন বলে অভিযোগ করা হয়েছে। এতে দুজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা আহত দুজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।


টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৯