ছবি: সিলেট ভিউ।
সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে বালুবাহী ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মদ বহনকারী গাড়িতে থাকা ২ জনকে আটক করা হয়। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জ থানা সদর পুলিশ চেকপোস্টে গাড়িটি আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর এলাকার মো. কামাল মিয়ার ছেলে কামরুল ইসলাম (৩০) ও সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার আব্দুস সাত্তারের ছেলে রুহুল আমিন (৩০)।
পুলিশ জানায়, সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জ থানা সদর পুলিশ চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়। এ সময় বালুবাহী একটি ট্রাক থামিয়ে তল্লাশী করে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরবর্তীতে গণনা করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের প্রায় আড়াই হাজার বোতল মদ জব্দ করা হয়। আটককৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৩ লক্ষ টাকা।
মদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উসমান গনী জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/আব্দুলজলিল/আশিক-১৩
আইটি ল্যাব সলিউশন্স লি.