সিলেটের জৈন্তাপুরে লিজকৃত বালুমহালে শ্রমিকদের কাজে বাধা, মারধর ও নৌকা প্রতি এক হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বৃহত্তর জৈন্তাপুর উপজেলা নৌকা ও বারকি শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি আব্দুস ছামাদ।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বারকি শ্রমিকরা বড়গাং নদীর লিজকৃত বালুমহাল থেকে বালু উত্তোলন করে আসছেন। সম্প্রতি কয়েকজন ব্যক্তি শ্রমিকদের কাছে নৌকা প্রতি এক হাজার টাকা করে চাঁদা দাবি করেন। শ্রমিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের হুমকি ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, গত শনিবার (৩ অক্টোবর) সকালে জামাল আহমদ, তাজুল ইসলাম, শাহিন আহমদ, হেলাল ও রহিম উদ্দিন (বলাই)-সহ ৯-১০ জন রূপচেং এলাকার বড়গাং নদীর লিজকৃত বালুমহালে প্রবেশ করেন। এ সময় বালুবাহী নৌকা থামিয়ে চাঁদা দাবি এবং শ্রমিকদের ওপর হামলার অভিযোগ করা হয়েছে। এতে টাবুল বিশ্বাস নামে এক বারকি শ্রমিক গুরুতর আহত হন। পরে তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, চাঁদা না দিলে বালু উত্তোলন বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং একপর্যায়ে শ্রমিকদের বালু উত্তোলনের কাজ বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ট্রেড ইউনিয়নের সভাপতি আব্দুস ছামাদসহ শ্রমিক নেতারা ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও দুর্ব্যবহারের পাশাপাশি প্রাণনাশের হুমকি ও মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় তারা ঘটনাস্থল থেকে চলে আসেন।
বড়গাং নদীর ইজারাদার সিদ্দিক আহমেদ বলেন, তিনি সরকারকে রাজস্ব দিয়ে নদীটি ইজারা নিয়েছেন। কিছুদিন ধরে একটি চক্র লিজকৃত এলাকা থেকে বালু উত্তোলনে বাধা দিচ্ছে এবং বারকি শ্রমিকদের কাছে নৌকা প্রতি এক হাজার টাকা দাবি করছে। বিষয়টি তিনি স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, শ্রমিকদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটভিউ২৪ডটকম/জাহিদ/এসডি-১৬
আইটি ল্যাব সলিউশন্স লি.