ছবি: সংগৃহিত।
পরকীয়া সম্পর্ক ও বিয়ের চাপকে কেন্দ্র করে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামি সোলাইমান হোসেন (৩৪)। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস. কে. এম. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি সোলাইমান হোসেনের সঙ্গে তার ভাবি পারভীনের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে পারভীন সোলাইমানকে বিয়ের জন্য চাপ দেন। এ নিয়ে বিরোধের জেরে পারভীনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনা দেখে ফেলায় পারভীনের শিশু সন্তান ভাতিজা আব্দুন নূরকেও হত্যা করে সোলাইমান।
এ ঘটনার পর পুলিশ দেবর সোলাইমান হোসেনকে গ্রেপ্তার করলে তিনি ঘটনা স্বীকার করে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
মানিকগঞ্জ জেলা জজ কোর্টের পি পি আ. ফ. ম. নুরতাজ আলম বাহার দীর্ঘ ছয় বছর পর মামলার এই রায় হলেও অসন্তোষ প্রকাশ করে বলেন, দোষীর জন্য এই সাজা অপর্যাপ্ত। এই রায়ে বাদীপক্ষ মোটেও খুশি নয়। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৭
আইটি ল্যাব সলিউশন্স লি.