প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৬ ১৯:৪৯ (বৃহস্পতিবার)
হবিগঞ্জে ছেলের হাতে নি*হ*ত শাহাবুদ্দিনের দাফন সম্পন্ন

হবিগঞ্জের আজমিরীগঞ্জে শিবপাশা ইউনিয়নের আন্দাবাড়ি গ্রামে নিজ ছেলের হাতে নিহত ক্যানসার আক্রান্ত শাহাবুদ্দিন মিয়া (৬০) ওরফে শাহাবুদ্দিন মিস্ত্রির দাফন সম্পন্ন করা হয়েছে।


বুধবার (৭ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় আন্দাবাড়ির গ্রামের মাটে জানাযা শেষে আন্দাবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়।
 

এর আগে বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে শাহাবুদ্দিন মিয়ার মরদেহ তার গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত শাহাবুদ্দিন মিয়া উপজেলার শিবপাশা ইউনিয়নের আন্দাবাড়ি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, নিহত শাহাবুদ্দিন মিয়া দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। তার ছয় ছেলে ও এক মেয়ের মধ্যে ইয়াফিন মিয়া চতুর্থ। ইয়াফিন বিগত প্রায় দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন এবং মাদকাসক্ত ছিল।
 

মঙ্গলবার(৬ অক্টোবর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির বাইরে থাকার সুযোগে নিহত শাহাবুদ্দিন মিয়ার চতুর্থ পুত্র ইয়াফিন তার বাবার শোবার ঘরে প্রবেশ করে বটি দা দিয়ে কুপিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। পরবর্তীতে তার বড় ভাই ঘরে ঢুকে পিতাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন।
 

​খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ঘটনার সঙ্গে জড়িত ঘাতক পুত্র ইয়াফিনকে শিবপাশা বাজার এলাকা থেকে আটক করা হয়।

আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল জানান, এবিষয়ে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ইয়াফিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।


 


সিলেটভিউ২৪ডটকম/মিলাদ/এসডি-১৭