প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৬ ২৩:০০ (বৃহস্পতিবার)
যে অভিযোগে ৩ রিসোর্টকে লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহিত।

আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও রিসোর্টে সেবার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না রাখাসহ একাধিক অভিযোগে রাঙামাটির ৩টি রিসোর্টকে জরিমানা করা হয়েছে।

 

বুধবার (৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময়  উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাঙামাটির সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রানা দেব নাথ।

 

প্রশাসন জানায়, আমদানিকারক ছাড়াই কাশ্মীরি মরিচ ব্যবহার এবং কাঁচা মাংসের সঙ্গে বাসি খাবার সংরক্ষণের অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় ৩টি রিসোর্টকে ২ লাখ ২০ হাজার জরিমানা করা হয়েছে।

 

অভিযানে বার্গী লেকভ্যালি রিসোর্টকে কাঁচা মাছ মাংসের সঙ্গে রান্না করা বাসি খাবার সংরক্ষণ, খাবারে কাশ্মীরি মরিচ ব্যবহার, কটেজের রুমভাড়া এবং খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই লাখ টাকা জরিমানা হয়।

 

এ ছাড়া রিসাং রিসোর্টকে কটেজের রুমভাড়া এবং খাবারের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা এবং কাশ্মীরি মরিচ খাবারে ব্যবহার করায় ১০ হাজার টাকা জরিমানা হয়।

 

অন্যদিকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াজাত করা, রান্না ঘরে রান্নার উপকরণের ওপরে মাকড়সার জাল এবং একাধিক মাকড়সার উপস্থিতি পাওয়ায় রেং রিসোর্ট ও রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রানা দেব নাথ জানান, আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও রিসোর্টে সেবার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও তালিকার চেয়ে বেশি মূল্য না রাখার অনুরোধ জানাচ্ছি।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৮