প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬ ১২:০৮ (শুক্রবার)
উড ব্যাজ অর্জন করলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির রোভার স্কাউট লিডার আমজাদ

নেতৃত্ব, শৃঙ্খলা, নিরলস প্রশিক্ষণ ও নিঃস্বার্থ সেবার অনন্য স্বীকৃতি হিসেবে বাংলাদেশ স্কাউটসের রোভার স্কাউট শাখায় মর্যাদাপূর্ণ ‘উড ব্যাজ’ অর্জন করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার এবং গ্রুপ সম্পাদক মো. আমজাদ হোসাইন।

বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে রোভার অঞ্চলের ৪৮ জন স্কাউটারকে উড ব্যাজ পার্মেন্ট মঞ্জুরের ঘোষণা দেওয়া হয়, যার মধ্যে সিলেট অঞ্চল থেকে একমাত্র ব্যক্তি হিসেবে এই সম্মাননা অর্জন করেন মো. আমজাদ হোসাইন। 

​স্কাউটিংয়ের দীর্ঘ পথচলায় মো. আমজাদ হোসাইন তাঁর দায়িত্বশীলতা, শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সেবামূলক মানসিকতার মাধ্যমে তরুণ রোভারদের জন্য একজন অনুকরণীয় পথপ্রদর্শক হিসেবে কাজ করে আসছেন। পেশাগত জীবনে একজন শিক্ষক হিসেবে তিনি যেমন শিক্ষার্থীদের জ্ঞান ও মূল্যবোধের আলোয় উদ্ভাসিত করছেন, তেমনি স্কাউটিংয়ের অঙ্গনেও তাঁর অভিজ্ঞতা ও সুদৃঢ় নেতৃত্ব নতুন প্রজন্মের রোভারদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিনিয়ত উৎসাহিত করে যাচ্ছে। 

তাঁর এই গৌরবময় অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপ এবং সমগ্র সিলেটের স্কাউটিং অঙ্গনের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, নিষ্ঠা, গভীর ভালোবাসা এবং উচ্চতর প্রশিক্ষণের মধ্য দিয়ে অর্জিত এই স্বীকৃতি গ্রুপের তরুণ রোভারদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রেরণার সঞ্চার করবে। 

​​​মো. আমজাদ হোসাইনের এই অর্জনে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা জানানো হয়েছে।

এক যৌথ অভিনন্দন বার্তায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও মেট্রোপলিটন রোভার স্কাউট গ্রুপের প্রধান পৃষ্ঠপোষক ড. তৌফিক রহমান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও পৃষ্ঠপোষক তানভীর এম.ও. রহমান চৌধুরী, গ্রুপ প্রেসিডেন্ট প্রফেসর শেখ আশরাফুর রহমান এবং গার্ল-ইন রোভার স্কাউট লিডার ওয়াদিয়া ইকবাল চৌধুরী তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানান। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং স্কাউটিং জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। একই সঙ্গে এই অর্জনকে সাধুবাদ জানিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রসঙ্গত,‘উড ব্যাজ’ (Wood Badge) হলো বিশ্বব্যাপী স্কাউটিং আন্দোলনের বয়স্ক লিডার বা স্কাউটারদের জন্য অন্যতম মর্যাদাপূর্ণ প্রশিক্ষণ এবং স্বীকৃতি।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে