প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৬ ০০:০০ (শুক্রবার)
যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে শিক্ষার্থীদের কর্মসংস্থানে নতুন বাধা

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনা শেষে কাজের সুযোগ কমাতে নতুন পদক্ষেপের প্রস্তাব দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
 

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের অপশনাল প্রাকটিক্যাল ট্রেনিং কর্মসূচিতে অংশ নিতে প্রতিটি নতুন আবেদনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে ৭০ হাজার ডলার ফি দিতে হতে পারে।

বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বুধবার এ প্রস্তাব দেয়। বর্তমানে ওপিটি-এর মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনার সঙ্গে সংশ্লিষ্ট কাজে যুক্তরাষ্ট্রে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। সাধারণ শিক্ষার্থীরা এক বছর পর্যন্ত কাজের অনুমতি পেলেও বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ের শিক্ষার্থীরা অতিরিক্ত দুই বছর কাজের সুযোগ পান।
 

প্রস্তাব অনুযায়ী, নতুন শিক্ষার্থীর প্রাথমিক ওপিটি আবেদনের ক্ষেত্রে প্রতিষ্ঠানকে ৭০ হাজার ডলার এবং নবায়নের ক্ষেত্রে ৩০ হাজার ডলার ফি দিতে হবে।

যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ টিউশন আয় করে। পাশাপাশি প্রযুক্তি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিল্প খাতেও আন্তর্জাতিক শিক্ষার্থীরা সংশ্লিষ্ট পদে কাজ করেন।
 

আন্তর্জাতিক শিক্ষা নিয়ে কাজ করা সংগঠন এনএএফএসএ-এর প্রধান ফান্তা আও বলেন, ‘ওপিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের বাস্তব কর্ম-অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়ার পাশাপাশি উচ্চ চাহিদার খাতে কর্মী সংকট মোকাবিলায় সহায়তা করে।’
 

তবে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির ভাষ্য, ভিসা ব্যবস্থায় জালিয়াতি ও অপব্যবহার ঠেকাতেই এই ফি প্রস্তাব করা হয়েছে। সংস্থাটি ওপিটি-কে কম খরচে বিদেশি শ্রমিক নিয়োগের একটি পথ হিসেবে উল্লেখ করেছে।
 

প্রস্তাবিত নিয়মের ওপর জনসাধারণের মতামত দেওয়ার জন্য ৬০ দিন সময় রাখা হয়েছে। এরপর ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি নিয়মটি চূড়ান্ত করে কার্যকর করতে পারে। তবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা ব্যবসায়ী সংগঠনগুলো আইনি চ্যালেঞ্জ জানালে এর বাস্তবায়নে বিলম্ব হতে পারে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৯