প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬ ১৭:৫৯ (শুক্রবার)
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সাংবাদিক ইদ্রিছের পিতা, কৃতজ্ঞতা প্রকাশ

অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ইদ্রিছ আলীর পিতা, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াছ আলী বাসায় ফিরেছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। প্রায় এক সপ্তাহ আইসিইউতে চিকিৎসার পর আরও ৩ দিন তিনি এইচডিইউতে ছিলেন।
 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। তবে আরও প্রায় এক মাস তাকে সম্পূর্ন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।

এর আগে ২৭ সেপ্টেম্বর (রবিবার) তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল।
 

বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক ইদ্রিস আলী। তিনি কঠিন এই সময়ে যারা তাদের পাশে ছিলেন, নিয়মিত খোঁজ-খবর নিয়েছেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছেন, তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তার পিতা ইলিয়াছ আলী যাতে সম্পূর্ন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন- সেজন্য সবার দোয়া চেয়েছেন।
 

উল্লেখ্য, ইলিয়াছ আলী সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৪বারের নির্বাচিত সাবেক ইউপি সদস্য। সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সভাপতি, শহরতলীর সাহেবেরবাজার শাহী ঈদগাহ কমিটির সভাপতি, ফতেগড় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাহেবেরবাজার কামাল মসজিদ কমিটির সভাপতি এবং সাবেক সভাপতি ফড়িংউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি। তিনি ফড়িংউরা কমিউনিটি ক্লিনিকের  ভূমি দাতা।

তাঁর অসুস্থার সংবাদে রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন পর্যায়ের সচেতন মহল বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজনের পাশাপাশি তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে সাহস জুগিয়েছেন। এজন্য তারা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১