প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬ ১৮:২৭ (শুক্রবার)
ডেঙ্গু প্রতিরোধে শান্তিগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান

ছবি: সিলেট ভিউ।

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শান্তিগঞ্জ বাজার পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

 

সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার নেতৃত্বে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শান্তিগঞ্জ বাজার কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।


অভিযানকালে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল এডিস মশার বংশবিস্তার রোধে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক অভিযানই যথেষ্ট নয়, সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত জরুরি। নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার প্রতিরোধ করা সম্ভব।

 

 


সিলেটভিউ২৪ডটকম/সামিউল/আশিক-১০